হত্যা মামলায় নজরুলসহ পাঁচ আসামি রিমান্ডে
নাটোরের বড়াইগ্রামে হত্যামামলার আসামি নজরুল ইসলামসহ পাঁচজনকে এক দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রিমান্ডের এ আদেশ দেন।
নাটোরের বড়াইগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত সূত্র জানায়, রশিদ অটো রাইস মিলের শ্রমিক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে আসামি নজরুল ইসলাম, আবদুল খালেক, আমির হোসেন, সামাদ আলী ও জেকের আলীর সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি আদালতকে জানান, গত বছরের ৪ নভেম্বর হত্যাকাণ্ডের সময় অভিযুক্ত ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। এসব আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন রিমান্ডের বিরোধিতা করে আদালতকে জানান, ঘটনার দীর্ঘদিন পর পুলিশের রিমান্ড আবেদন করার যৌক্তিকতা নেই। অহেতুক হয়রানি করার জন্য রিমান্ড চাওয়া হয়েছে।
এসআই হাবিবুর রহমান বলেন, শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান, নজরুলসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। চাঁদা আদায় করে আসামি নজরুল ইসলাম ওই মিলে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে চাঁদার টাকা ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের হদিস বের করা হবে।
চাঁদা আদায়কে কেন্দ্র করে গত ৫ নভেম্বর নাটোরের বড়াইগ্রামের রশিদ অটো রাইস মিলের দুই পক্ষের সংঘর্ষে শ্রমিক সাকিব হোসেন নিহত হন। এ ঘটনায় মিলটি প্রায় এক মাস বন্ধ থাকে। এতে সহস্রাধিক শ্রমিক-কর্মচারী বিপাকে পড়েন।
এ ব্যাপারে প্রথম আলোয় ৬ নভেম্বর ‘চাঁদা আদায় নিয়ে সংঘর্ষে নিহত ১’ এবং ১১ নভেম্বর ‘চাঁদাবাজির কারণে বন্ধ রশিদ অটো রাইস মিল’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।